জাতীয়

সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাবি প্রশাসনের নির্দেশে পুলিশের নির্বিচারে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
 আজ বুধবার (১৭ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি অনুযায়ী, আগামীকাল হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলেও জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট  শাটডাউন’ ঘোষণা করছি।”

পোস্টে আরও বলা হয়, ‘আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।’
এই কর্মসূচি সফল করতে সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।


মতামত দিন