কিছু মহল আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় একথা বলেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু করা ৭ মিনিটের ভাষণ দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলার মাটিতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেদিন আরেক কারবালা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল। যারা শাহাদাৎবরণ করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও দুই লাখ নির্যাতিতা মা-বোনের প্রতি শ্রদ্ধা জানাই।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলা সংকট আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে। আশা করি শিক্ষার্থীরা ন্যায়বিচার পাবে। কোটা সংস্কার নিয়ে চলমান সংঘর্ষের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট, তা আমার চেয়ে আর কেউ বেশি জানে না।
সরকারপ্রধান বলেন, প্রিয় দেশবাসী, আজ অত্যন্ত বেদনাভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বিগত ১৫ বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করেছি, করছি। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবনযাপনের যাত্রা শুরু করেছি। অনেক সাফল্যও অর্জন করেছি। বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তারপরও আমাদের অনেক দূর যেতে হবে। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তিতে-শান্তিতে আছে, তখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক।
তিনি বলেন, এমন অবস্থায় রাস্তায় আন্দোলন করে দুষ্কতকারীদের সুযোগ করে দেবেন না। প্রায় ১০ মিনিটের ভাষণে তিনি অভিভাবক, শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন। তিনি বলেন, কোটা সংস্কারের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করে।

মতামত দিন