কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন
কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি। বুধবার (১৭ জুলাই) রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র-যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নোংরা ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ক্ষমতাসীনরা নাটক করে অনাচার ও দুঃশাসন আড়াল করতে পারবে না। এ সময় শিক্ষার্থীদের কর্মসূচিতে দেশের আপামর জনগণকে অংশগ্রহণের আহ্বানও জানান তিনি।
এর আগে, চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাবি প্রশাসনের নির্দেশে পুলিশের নির্বিচারে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৭ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজার পরে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন।
তিনি বলেন, আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। তাদের নৈতিক সমর্থন দিয়েছি। সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাবো। কারণ আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত।
এসময় বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধের নিন্দাও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব হল ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে করতে পারত, কিন্তু তাদের সেই ইচ্ছাটাই নাই। মির্জা ফখরুল বলেন, পাকিস্তান আমলে শাসকগোষ্ঠী এভাবে আন্দোলন দমন করার চেষ্টা করেছে কিন্তু সেই আন্দোলন তারা দমন করতে পারেনি। একইভাবে আজকে সরকার যেভাবে চেষ্টা করছে। তার সঙ্গে কোনো মতেই একমত নই। একমত শুধু নই, আমি এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, প্রতিবাদ করছি।

মতামত দিন