আন্তর্জাতিক

বাইডেনের শরীরে করোনা শনাক্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, সংক্রমণের লক্ষণ দেখা দেয়ায় বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পজিটিভ হওয়ায় তার পূর্বনির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করা হয়েছে।

হোয়াইট হাউসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ জুলাই) নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি করোনার মৃদু উপসর্গে ভুগছেন। 
৮১ বছর বয়সি বাইডেন বার্ধক্যজনিত কারণে এমনিতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপে রয়েছেন। এবার কোভিড আক্রান্ত হওয়ায় সেই ঝুঁকি আরও বাড়ল বলে মনে করছেন অনেকে। 
করোনা শনাক্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। 
হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেন,বুধবার লাস ভেগাসে অনুষ্ঠানে যোগ দেয়ার আগে প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি করোনার মৃদু উপসর্গে ভুগছেন। ডেলাওয়ারে নিজের বাসা থেকে তিনি সব দায়িত্ব পালন করবেন। 

নাভাদা থেকে উড়োজাহাজে ওঠার আগে গাড়ি থেকে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘ভালো, আমি ভালো বোধ করছি।’

মতামত দিন