জামালপুর

জামালপুরে-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী পথসভা

রবিন মাহমুদ- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সভা সমাবেশ লিফলেট বিতরণ পথসভাসহ নানা কর্মসূচীতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের এমপি প্রার্থীরা। 

এরই অংশ হিসেবে গতকাল (শুক্রবার) নির্বাচনী প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে জামালপু পৌর এলাকার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। গণসংযোগ শেষে শহরের রামনগর ৭ রাস্তা মোড়ে ১২নং ওয়ার্ড বিএনপি উত্তর ও দক্ষিন শাখা আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তিনি।

নির্বাচন আয়োজনের সকল প্রক্রিয়ার শেষ পর্যায়ে, দেশের মানুষ যখন একটি ভোট উৎসবের অপেক্ষা করছে তখনও একটি মহল নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে উল্লেখ করে ওয়ারেছ আলী মামুন বলেন, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যারা ক্ষমতায় আসতে চায় তারা কখনও ইসলামি দল হতে পারে না। বরং তারা ক্ষমতায় আসলেই ইসলামের সব চেয়ে বড় ক্ষতি হবে।তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আমাদের সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে বাঙালি জাতির জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কি হতে পারে। 

তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লেবু'র সভাপতিত্বে পথসভায় শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহামামদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী সৌরভ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, আলী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির আহ্বায়ক এবিএম মাকসুদুর রহমান সোহেল সদস্য সচিব বাজিত উল্লাহসহ স্থানীয় বিএনপি'র অঙ্গস সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।  

এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সদ্যপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মতামত দিন