জাতির জীবনে একটা টার্নিং পয়েন্ট চলছে
অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সাথে বসা শুরু করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১২ আগস্ট) বিকেল ৫টায় তার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক থেকে বেরিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘উনারা কেবল বসলেন, মাত্র চার দিন হলো, আমরা দেখতে চাই উনারা (অন্তর্বর্তী সরকার) কীভাবে জাতিকে নিয়ে এগোতে চাচ্ছেন। সমস্যাগুলোর সমাধান কীভাবে করেন। যৌক্তিক সময়ে সমাধান হবে বলে আমরা আশাবাদী।’
তিনি বলেন, ‘আপনারা জানেন জাতির জীবনে একটা টার্নিং পয়েন্ট চলছে। আমরা প্রধান উপদেষ্টার দাওয়াতে এখানে এসেছিলাম। দেশকে এগিয়ে নেওয়ার জন্য এখন করণীয় কী, সেই বিষয়ে আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে।’
জামায়াত আমিরের ভাষ্য, ‘দেশ আমাদের সবার। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমরা যদি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করি সবাইকে সহযোগী করি, এখন যারা দায়িত্বে এসেছেন তাদের সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা ও সুন্দরের মধ্যে আসবে মনে করি।’
তিনি জানান, বৈঠকে যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি ও সুস্থতা কামনা করেছি। দেশের বিভিন্ন ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করেছি।’
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। দেশের নানা বিষয় নিয়ে কথা হয়েছে। ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর যে হামলা হয়েছে, তা ধর্মীয় নাকি রাজনৈতিক কারণে হয়েছে, সেটি খতিয়ে দেখতে হবে। ধর্মীয় কারণে হয়েছে বলে চালিয়ে দেয়া যাবে না, রাজনৈতিক কারণেও হয়েছে। বিষয়গুলো নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে।
জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে কোনা কথা হয়েছে কি না এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এ নিয়ে কথা হয়নি। এখানে দলীয় কথা বলতে আসিনি। তবে কেউ নিষিদ্ধ করলেই আমরা নিষিদ্ধ হয়ে যাই না। তারা ভুল কাজ করেছে, যার মাশুল দেশবাসীকে দিতে হচ্ছে।
ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে বৈঠক শুরু করেছেন। শুরুতেই বিএনপির সঙ্গে বসেন, বিকেল ৪টায়। এরপর জামায়াতের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ৬টায় যৌথভাবে এবি পার্টি, ইসলামী আান্দোলন ও গণঅধিকার পরিষদের দুই অংশের সাথে বসেছেন।

মতামত দিন