দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দেয়ার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখলে তারা নিজেদের রাজাকার দাবি করতে লজ্জা পেতো।এ সময় সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, সরকারের বদনাম হবে কিনা তা দেখার দরকার নেই, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সোমবার (১৫ জুলাই) সকালে মন্ত্রিপরিষদের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে সমস্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সিনিয়র সচিবরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের ইশতেহার মেনেই উন্নয়ন কার্যক্রম চলছে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোলে অবশ্যই উন্নতি করা সম্ভব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা-বোন নির্যাতিতা। তাদের এ অবদান ভুললে চলবে না। তা মনে রাখতে হবে। পাকিস্তানি হানাদার-রাজাকার এ দেশে এত অত্যাচার করেছে। আমার খুব দুঃখ লাগছে, কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালের ২৫ মার্চ সেখানে কি ঘটেছিল। তিনশ মেয়েকে হত্যা করেছিল। ৪০ জনকে ধর্ষণ করেছিল, এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। অনেক মেয়ে শাড়ি-ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পড়তে দেওয়া হতো না। ওই একটা পেটিকোট পড়িয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের পাশবিক অত্যাচার হতো। যখন তাদের উদ্ধার করা হয়, আমাদের মিত্র শক্তি ভারতের এক শিখ সৈন্য তারা মাথার পাগড়ি খুলে ওই মেয়ের গায়ে পেঁচিয়ে উদ্ধার করে নিয়ে আসে। এটা একটা ঘটনা না, বহু ঘটনা এরকম।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছেন, লাখো মা-বোন নির্যাতিতা। তাদের এই অবদান ভুললে চলবে না। এটা মনে রাখতে হবে।’

মতামত দিন